Thursday, May 7, 2026

তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু


ফাইল ছবিঃ তোফায়েল আহমেদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘদিন স্থগিত থাকা মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার বাসিন্দা মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত অর্থ গোপন করতে সহযোগীদের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল। পরে তা উত্তোলনের মাধ্যমে আত্মসাতের চেষ্টা করা হয় বলে অভিযোগ আনা হয়েছে।

তদন্ত শেষে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘ সময় স্থগিত ছিল।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় সচল করে নিম্ন আদালতে পাঠানোর নির্দেশ দেন। এরপর নতুন করে মামলার শুনানি শুরু হয়।

আদালতের এ আদেশের মাধ্যমে বহুল আলোচিত এ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন