- ০৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালত সূত্র জানায়, তিনজনই বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
পরে ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযুক্তরা বর্তমানে হেফাজতে থাকায় তাদের আদালতে হাজির করার আবেদন করা হয়েছিল। আগামী শুনানিতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর সম্ভাবনা রয়েছে। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিরাপদ স্থানে নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
ট্রাইব্যুনাল আগামী ৭ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।
এই মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আরও অনেকে।
চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘর্ষ ও অভিযানের ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে অন্তত ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মামলাটি ঘিরে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্রে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।