- ১৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
তিস্তা নদীকে ঘিরে প্রস্তাবিত বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন এগিয়ে এলে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ও মানুষের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে তার দল শুধু সমর্থনই দেবে না, প্রয়োজনে সক্রিয় ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রাজধানীর ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।
বক্তব্যে শফিকুর রহমান তিস্তা নদীকে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি। অতীতে নানা কারণে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি বলে উল্লেখ করে তিনি নতুনভাবে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করা উচিত।
চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরে জামায়াত আমির বলেন, কয়েক দশক ধরে দেশটি বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে তাদের অবদান উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, অতীতে কিছু উন্নয়ন প্রকল্প ও স্থাপনার ক্ষেত্রে সঠিক স্বীকৃতি দেওয়া হয়নি, যা অনুচিত। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়িয়ে স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।
চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে এবং উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতায় যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তারা তিস্তা নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।