- ১৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে কথিত ‘মাদক সম্রাট’ দেলোয়ার হোসেন ওরফে মাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বাসিন্দা কিরন হোসেন (৩৫) এবং বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ওরফে মাইকেল (৩৬)। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মাইকেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে মোট ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দেলোয়ার হোসেন ওরফে মাইকেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় ৩০টি মামলা রয়েছে এবং একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারেও গেছেন। তবে জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।