- ১৮ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহত মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে। তার বাবা মো. শহীদ সওদাগর। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় গুরুতর আহত হন মামুন। তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
আহতের পরপরই তাকে আল খারিজের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কয়েকদিন ধরে তিনি নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মামুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুতে স্ত্রী ও একমাত্র সন্তানসহ পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছেন তারা।
গ্রামের বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রবাসে কর্মরত অবস্থায় এ ধরনের মর্মান্তিক মৃত্যু নতুন করে নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন অনেকে।