- ২২ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দূর করতে আগামী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত মামলা চলমান থাকায় বিপুল সংখ্যক পদ শূন্য রয়েছে। বিষয়টি আদালতের বিবেচনায় এসেছে এবং আগামী মাসের শুরুতেই এর সমাধান হওয়ার আশা করা হচ্ছে। মামলা নিষ্পত্তির পর শিক্ষক নিয়োগ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি উল্লেখ করেন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শুধু অবকাঠামো নয়, গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি দেশের উচ্চশিক্ষা খাতে নতুন বিষয়ভিত্তিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতার কারণে অনেক শিক্ষক সময়মতো বেতন পাচ্ছেন না। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রদানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ব্যবস্থাপনা উন্নত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। শিক্ষকরা যাতে নিয়মিতভাবে বেতন পান, সে লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।