Sunday, April 19, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তামিমের মন্তব্য ঘিরে বিতর্ক, বিসিবি পরিচালকের পোস্টে ক্ষোভ


ফাইল ছবিঃ তামিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে বিসিবির অবস্থান দেশজুড়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আবেগ নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান, ভাবমূর্তি ও দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তামিমের এই বক্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। পোস্টে তিনি সাবেক অধিনায়ককে উদ্দেশ করে কটূক্তিমূলক মন্তব্য করেন। কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হলেও এরই মধ্যে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পোস্টের বিষয়ে নাজমুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তখন ফোন ধরেননি। পরে দুপুরের দিকে তিনি সীমিত পরিসরে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে অনুরোধ করেছিলেন যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা করা হয়। তিনি আরও উল্লেখ করেন, এই অবস্থানে পররাষ্ট্র উপদেষ্টারও সমর্থন ছিল। নাজমুল ইসলামের অভিযোগ, এমন বাস্তবতায় তামিম দেশের জনমতের বিপরীতে গিয়ে ভারতের পক্ষের অবস্থান নিয়েছেন। তবে তিনি এটিকে নিজের ব্যক্তিগত মতামত বলেও উল্লেখ করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত তামিম ইকবাল প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক ক্রিকেটার বিসিবি পরিচালকের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সাবেক অধিনায়ককে নিয়ে বোর্ড পরিচালকের এমন মন্তব্য রুচিহীন ও অগ্রহণযোগ্য। তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং সংশ্লিষ্ট পরিচালকের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ও সম্মানিত ক্রিকেটারকে প্রকাশ্যে অপমান করা বোর্ডের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পেসার তাসকিন আহমেদও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দেশের ক্রিকেটে বড় অবদান রাখা একজন সাবেক অধিনায়ককে নিয়ে এ ধরনের বক্তব্য খেলাটির পরিবেশের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।

এদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এ ঘটনায় বিসিবির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, তামিম ইকবালের মতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটারকে নিয়ে বোর্ড পরিচালকের মন্তব্যে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। সংগঠনটির মতে, এ ধরনের বক্তব্য শুধু একজন ক্রিকেটার নয়, পুরো ক্রিকেট সমাজের মর্যাদাকে আঘাত করে।

কোয়াব আরও বলেছে, দায়িত্বশীল পদে থাকা একজন বোর্ড কর্মকর্তা যখন প্রকাশ্যে এমন মন্তব্য করেন, তখন বিসিবির আচরণবিধি নিয়েই প্রশ্ন উঠে। এ কারণে বিসিবি সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও জবাবদিহিতার দাবি করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL