Friday, February 27, 2026

মিনেসোটায় গুগলের নতুন ডাটা সেন্টার, ১ বিলিয়ন ডলারের আয়রন-এয়ার ব্যাটারি প্রকল্প


ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

Google যুক্তরাষ্ট্রের Minnesota অঙ্গরাজ্যে একটি নতুন ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে, যা চালিত হবে বায়ু ও সৌরবিদ্যুতের সমন্বয়ে। এ প্রকল্পে ব্যবহৃত হবে দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহে সক্ষম এক অভিনব আয়রন-এয়ার ব্যাটারি প্রযুক্তি। পুরো উদ্যোগের ব্যয় ধরা হয়েছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে The Information।

ডাটা সেন্টারটিতে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হবে স্টার্টআপ প্রতিষ্ঠান Form Energy–এর তৈরি বিশাল আয়রন-এয়ার ব্যাটারি। এই ব্যাটারি একটানা ১০০ ঘণ্টা পর্যন্ত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্রযুক্তিটি মূলত অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে—যেখানে লোহা ‘জং’ ধরার প্রক্রিয়ায় ইলেকট্রন নিঃসৃত হয় এবং সেখান থেকেই শক্তি পাওয়া যায়।

প্রকল্পটি ১.৪ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ ও ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুতের সরবরাহকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি হিসেবে এটি নবায়নযোগ্য জ্বালানির অনিয়মিত সরবরাহজনিত সমস্যা কমাতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ফর্ম এনার্জি কয়েক বছর ধরে এই প্রযুক্তি উন্নয়নে কাজ করছে এবং ইতোমধ্যে West Virginia–তে একটি কারখানা স্থাপন করেছে ব্যাটারি উৎপাদনের জন্য। তবে গুগলের সঙ্গে সাম্প্রতিক এই চুক্তির আগে বড় কোনো গ্রাহক পায়নি প্রতিষ্ঠানটি।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা Mateo Jaramillo জানিয়েছেন, বড় অর্ডার নিশ্চিত হওয়ায় তারা বর্তমানে ৫০০ মিলিয়ন ডলারের নতুন তহবিল সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান PitchBook–এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ফর্ম এনার্জি মোট ১.৪ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। আগামী বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদি শক্তি সংরক্ষণে এই উদ্যোগ প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন