- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী রোববার সকাল ১০টায় এনটিআরসিএর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন। সেখানে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
এনটিআরসিএর একটি সূত্র জানায়, বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হতে পারে। এগুলো হলো—প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রক্রিয়া, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগসংক্রান্ত জটিলতা এবং সংস্থার চলমান মামলাগুলোর অগ্রগতি। এসব বিষয়ে মন্ত্রীর দিকনির্দেশনা চাওয়া হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পদ্ধতি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। আগের নিয়মে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে মন্ত্রণালয়ে। বিষয়টির যৌক্তিকতা তুলে ধরা হবে। পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগে চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ও পুরোনো নিবন্ধনধারীদের বিষয়টিও আলোচনায় আসবে।
বৈঠক প্রসঙ্গে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সংস্থার কার্যক্রম সম্পর্কে জানতে আসছেন। আমরা আমাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁদের সামনে উপস্থাপন করব।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে মেধাভিত্তিক নিয়োগের সুপারিশের দায়িত্ব সংস্থাটির ওপর ন্যস্ত করা হয়। সংশ্লিষ্ট আইনের আওতায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, মেধাতালিকা প্রণয়ন ও প্রত্যয়নপত্র প্রদান করে থাকে এনটিআরসিএ।
আসন্ন বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা দিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।