- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সাম্প্রতিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও মেক্সিকো ২০২৬ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে সক্ষম হবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার কলম্বিয়ার বাররাঙ্কিয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, মেক্সিকো সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর ফিফার পূর্ণ আস্থা রয়েছে।
সম্প্রতি মেক্সিকান বাহিনীর অভিযানে মাদক কার্টেল নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রভাবে কিছু ফুটবল ম্যাচ স্থগিত করতে হয়। এর মধ্যে লিগা এমএক্সে কুয়েরেতারো ও হুয়ারেজ এফসির একটি ম্যাচও ছিল।
তবে নির্ধারিত সূচি অনুযায়ী কুয়েরেতারোয় আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলেছে। এদিকে জালিস্কো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি থাকলেও বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেই—এই তিন শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জালিস্কোর এস্তাদিও আক্রনে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফসহ একাধিক ম্যাচ আয়োজনের সূচি রয়েছে।
ইনফান্তিনো বলেন, আগামী এক মাসের মধ্যেই মেক্সিকোতে বিশ্বকাপ প্লে-অফ অনুষ্ঠিত হবে এবং নতুন আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনও সামনে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশেই সময়-সময় নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ দেখা দেয়, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও জানিয়েছেন, গুয়াদালাহারায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি নেই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে কিছু দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্চে মেক্সিকোর বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ সামনে রেখে পর্তুগাল ফুটবল ফেডারেশন সতর্ক অবস্থানে রয়েছে। একই সময়ে গুয়াদালাহারায় আন্তঃমহাদেশীয় প্লে-অফের ম্যাচ ঘিরেও বিভিন্ন দেশের ফুটবল কর্তৃপক্ষ ফিফা ও কনকাকাফের নির্দেশনার অপেক্ষায় আছে।
ফিফা সভাপতি জানান, মেক্সিকো সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ভাষায়, ২০২৬ বিশ্বকাপ হবে বৈশ্বিক এক উৎসব, যেখানে নিরাপত্তা নিশ্চিত করাই সবার প্রধান অগ্রাধিকার।