Friday, February 13, 2026

তারেক রহমানকে মোদির অভিনন্দন বার্তা


ফাইল ছবিঃ তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় জয় এনে দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। এই বিজয় তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার সকালে এক প্রতিক্রিয়ায় দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, দলের পক্ষ থেকে মোদিকে ধন্যবাদ জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা বাড়বে।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়। সর্বশেষ বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি ২০০টির বেশি আসনে জয় পেয়েছে এবং সরকার গঠনের পথে রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি দ্বিতীয় অবস্থানে এবং জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃতীয় অবস্থানে রয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন