Tuesday, April 7, 2026

তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু


ফাইল ছবিঃ সুভাষিণী বালসুব্রহ্মণ্যম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

তামিল টেলিভিশনের পরিচিত মুখ সুভাষিণী বালসুব্রহ্মণ্যম–এর রহস্যজনক মৃত্যু ঘিরে শোক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সোমবার চেন্নাইয়ের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী চেন্নাইয়ের পোরুর এলাকার আইয়্যাপ্পন্থাঙ্গলে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতেই ওই বাসায় ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় তিনি স্বামী বিপিন চন্দ্রণের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয় এবং সেই সময়েই তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি বুঝতে পেরে তাঁর স্বামী দ্রুত অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা কিনা বা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী অভিনয়ের স্বপ্ন নিয়ে চেন্নাইয়ে পাড়ি জমান। নানা প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। জনপ্রিয় ধারাবাহিক কয়াল–এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন