- ০৫ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বছরের শেষ প্রান্তে এসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একের পর এক নতুন সিরিজ ও সিনেমার মুক্তি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। থ্রিলার, গোয়েন্দা কাহিনি থেকে শুরু করে রোমান্টিক ড্রামা সব ধরনের দর্শকের জন্যই রয়েছে নতুন আয়োজন। চলতি সপ্তাহে আলোচনায় থাকা কয়েকটি ওটিটি কনটেন্ট নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন
নেটফ্লিক্সে শুরু হয়েছে জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এর পঞ্চম ও শেষ অধ্যায়। ম্যাট ও রস ডাফার নির্মিত এই সিরিজের প্রথম চার পর্ব মুক্তি পায় গত ২৬ নভেম্বর। সম্প্রতি প্রকাশ পেয়েছে আরও তিনটি পর্ব। সিরিজের সবচেয়ে দীর্ঘ অষ্টম পর্বটি, যার দৈর্ঘ্য দুই ঘণ্টার বেশি, মুক্তি পাবে ৩১ ডিসেম্বর। এই মৌসুমেও মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, গেটন ম্যাটারাজ্জো ও স্যাডি সিংকসহ পরিচিত মুখগুলোই অভিনয় করেছেন।
বড়দিন উপলক্ষে হইচইয়ে এসেছে ফেলুদা সিরিজের নতুন কিস্তি রয়েল বেঙ্গল রহস্য। এবার পরিচালকের আসনে সৃজিত মুখার্জির বদলে আছেন কমলেশ্বর মুখার্জি। সাত পর্বের এই সিরিজে ফেলুদা, জটায়ু ও তোপসে চরিত্রে আগের মতোই দেখা যাচ্ছে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্রকে। নতুন পরিচালকের হাতেও পরিচিত এই গোয়েন্দা গল্প দর্শকদের টানছে।
হুলুতে মুক্তি পাওয়া রাজনৈতিক থ্রিলার মেড ইন কোরিয়া নির্মিত হয়েছে ১৯৭০–এর দশকের দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে। উ মিন-হো পরিচালিত আট পর্বের এই সিরিজের প্রথম দুই পর্ব এসেছে ২৪ ডিসেম্বর। বাকি পর্বগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে ১৪ জানুয়ারি পর্যন্ত। হেউন বিন ও জং উ-সাংয়ের অভিনয়ে সিরিজটি মুক্তির আগেই আলোচনায় আসে।
অ্যাকশনপ্রেমীদের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে নোবডি ২। ২০২১ সালের সফল সিনেমা নোবডি-র এই সিকুয়েলটি পরিচালনা করেছেন টিমো জাজান্তো। আগের কিস্তির মতো এবারও বব ওডেনকার্ক ও কোনি নিলসেনকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
জি ফাইভে স্ট্রিমিং শুরু হয়েছে রোমান্টিক ড্রামা সিনেমা এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। এক প্রভাবশালী রাজনীতিবিদ ও এক অভিনেত্রীর জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মিলাপ জাবেরি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ১১২ কোটি রুপি আয় করে আলোচনায় আসে। এতে অভিনয় করেছেন হর্ষবর্ধন রাণে ও সোনম বাজওয়া।