- ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলীয়ভাবে ছয় সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্যসচিব করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পর্যায়ের নেতারা এই নির্বাচন পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন। দলটি আশা করছে, নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এলে তারা সাংগঠনিকভাবে প্রস্তুত অবস্থায় মাঠে নামতে পারবে।