Tuesday, February 24, 2026

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীরগোলাগুলিতে একজন নিহত


ছবিঃ বান্দরবান সদর হাসপাতাল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বান্দরবান

বান্দরবানে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলা এ বন্দুকযুদ্ধে এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রোয়াংছড়ি উপজেলার রুমা সড়কের মুরুংগো বাজার সংলগ্ন সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে পাহাড়ের উঁচু স্থান থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে সেনাসদস্যরা পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি চালায়। সেখান থেকে এক সশস্ত্র ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা সময় লেগেছে। তবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ বলেন, সেনাবাহিনীর টহল দলের মুখোমুখি হয়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোড়ে। জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালালে তারা জঙ্গলের দিকে সরে যায়।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন