- ২৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ–এর এক নেতা ও তাঁর সমর্থকদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের পর দুই পক্ষের উত্তেজনার জেরে দুটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শাওন চৌধুরীর সঙ্গে বিএনপি সমর্থক মালেক খানের বিরোধ চলছিল। সম্প্রতি শাওন ঈদের আগে এলাকায় ফিরে আসার পর উত্তেজনা বাড়ে। শুক্রবার দুপুরে একটি চায়ের দোকানে তাঁর সমর্থকদের সঙ্গে অবস্থানকালে প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা শুরু হয়। এতে শাওন চৌধুরীসহ কয়েকজন আহত হন। পাল্টা হামলায় বিএনপি সমর্থক মালেক খান ও তাঁর পক্ষের আরও কয়েকজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।
ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহতদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে একপক্ষ শাওন চৌধুরী ও তাঁর সমর্থকের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।