- ২০ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। শরীয়তপুর
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত চলাকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে ছোটাছুটি শুরু করে শিশুশিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ এ ঘটনা ঘটে। হামলার শিকার হন সৈয়দ হাদি জিল্লুর। অভিযোগ উঠেছে, তাঁর ওপর হামলা করেছেন স্থানীয় বিএনপি নেতা জসিম ব্যাপারী।
স্থানীয় সূত্র জানায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ইউনিয়ন পর্যায়ের অনুষ্ঠান চলছিল বিদ্যালয়টিতে। সকাল ১০টার দিকে শিক্ষক ও অতিথিরা জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন। এ সময় জসিম ব্যাপারী ও তাঁর এক সহযোগী লাঠি নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা চালান।
ঘটনার আকস্মিকতায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে উপস্থিত শিক্ষক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা অনুষ্ঠান বন্ধ থাকে। পরে পুলিশের উপস্থিতিতে পুনরায় কার্যক্রম শুরু হয়।
হামলার বিষয়টি স্বীকার করে জসিম ব্যাপারী বলেন, “চেয়ারম্যান আওয়ামী লীগের রাজনীতি করেন। অনুষ্ঠানে তাঁকে অতিথি হিসেবে দেখে আমি ক্ষুব্ধ হয়ে পড়ি। অতীতের বিভিন্ন বিরোধ নিয়েও আমার ক্ষোভ ছিল।”
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে জসিম ব্যাপারীর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ চলছে। ওই বিরোধে চেয়ারম্যান বিভিন্ন সময় বিদ্যালয়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লুর বলেন, “জাতীয় সংগীত চলাকালে হঠাৎ লাঠি নিয়ে আমার ওপর হামলা করা হয়। স্থানীয়রা আমাকে রক্ষা করেছেন। বিষয়টি প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানানো হয়েছে। আমি আইনগত ব্যবস্থা নেব।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, “অনুষ্ঠানের শুরুতেই এমন ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।”
জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিরাপত্তা নিশ্চিত করে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।