- ২০ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জুলাই গণ–অভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ ওই পোস্টে মাহফুজ আলম আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা কারণ তুলে ধরেন। তিনি লেখেন, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।”
পোস্টে তিনি দাবি করেন, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনার বিপরীতে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪–এর আন্দোলনকে ১৯৭১–এর মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করানো, আইনের শাসনের বদলে ‘মব সংস্কৃতি’র বিস্তার এবং উগ্রবাদের প্রতি নরম অবস্থান আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
মাহফুজ আলম আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, মাজারে আক্রমণ ও ভিন্নমতের মানুষের ওপর চাপ সৃষ্টি নিয়েও পর্যাপ্ত প্রতিক্রিয়া না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। একই সঙ্গে ধর্মনিরপেক্ষ চিন্তার মানুষের মধ্যে ডানপন্থার উত্থান নিয়ে উদ্বেগও আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন মাহফুজ আলম। তিনি দাবি করেন, কাঙ্ক্ষিত সংস্কারের পরিবর্তে সীমিত উদ্যোগ ও আমলানির্ভর সিদ্ধান্ত গ্রহণ জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে। তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক সমঝোতা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার রাজনীতি জুলাই আন্দোলনের মূল চেতনাকে দুর্বল করেছে।
পোস্টে ছাত্ররাজনীতি, সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যম নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ছাত্রদের মধ্যে আদর্শিক রাজনীতির পরিবর্তে বিভাজন ও গোষ্ঠীকেন্দ্রিক প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি নতুন ধারার গণমাধ্যম ও সাংস্কৃতিক চর্চার বিকাশেও বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মাহফুজ আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, বিভিন্ন কমিশন, ট্রাইব্যুনাল ও বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ব্যবহারের প্রবণতাও আওয়ামী লীগের ফিরে আসার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।
পোস্টের শেষাংশে তিনি ইঙ্গিত দেন, আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনের কারণগুলোর তালিকা আরও দীর্ঘ এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরবেন।