- ০৬ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বো কারাগারে রোববার শুরু হওয়া সহিংসতা সোমবার পর্যন্ত অব্যাহত ছিল।
স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বন্দি এবং চারজন কারারক্ষী রয়েছেন। আহতদের মধ্যে বন্দি ও নিরাপত্তাকর্মী—উভয় পক্ষের সদস্যই রয়েছেন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, হাসপাতালটিতে ২৩টি মরদেহ আনা হয়েছে। একই সঙ্গে শতাধিক আহত বন্দি ও কারারক্ষী চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারে সংঘর্ষ এবং হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত বন্দিদের বহনকারী পুলিশ বাস দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাসের ভেতরে কয়েকজন আহত বন্দিকে মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর পুরো কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারাগারের অভ্যন্তরে কী পরিস্থিতিতে এ প্রাণঘাতী সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।