- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা, ডা. শফিকুর রহমান শপথ গ্রহণের পরদিনই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। বুধবার ফজরের নামাজ শেষে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় বাইতুর নুর মসজিদের সামনে থেকে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং দলীয় নেতাকর্মীরাও অংশ নেন। এলাকাজুড়ে এ দৃশ্য ঘিরে কৌতূহল ও আলোচনা দেখা যায়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজ গড়তে চান। তাঁর ভাষায়, শুধু রাস্তা-ড্রেন নয়, মানুষের মন থেকেও অশুদ্ধতা দূর করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিকতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে প্রথম কর্মসূচি হবে পরিচ্ছন্নতা অভিযান। সেই অঙ্গীকার রক্ষা করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন ফজরের পর দলীয় ইউনিটগুলোকে অন্তত আধাঘণ্টা পরিচ্ছন্নতার কাজে যুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার থেকে বরাদ্দ পাওয়া না পাওয়া নির্বিশেষে এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সবার সহযোগিতায় মিরপুর-কাফরুলকে উন্নত এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বিএনপির সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়েও মন্তব্য করেন এবং জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টানেন।
এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শপথের পরদিনই এ ধরনের প্রতীকী কর্মসূচি জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।