- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পুনঃভর্তি ফি দিতে হবে না, এমন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আজ বুধবার প্রকাশিত নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ এর মাধ্যমে মূলত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদার করা হবে। নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, কোনো শিক্ষার্থীকে পুনরায় ভর্তি ফি দিতে বাধ্য করা যাবে না।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যেমন স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে, তবে এর বাইরে নতুন কোনো খাত বা ফি তৈরি করা যাবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের আয়-ব্যয় পরিচালনা করতে হবে সরকারি আর্থিক বিধি-বিধান অনুসারে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে হিসাবের দায়িত্বে থাকবেন। কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মালিকানাধীন ব্যাংক অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে ফি, দান-অনুদান ও অন্যান্য আয় গ্রহণ করতে হবে। জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যেতে পারে, তবে তা দুই কর্মদিবসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি বাতিলের বিষয়টি হাইকোর্টও নিশ্চিত করেছে। গত ২৫ জানুয়ারি বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’ হাইকোর্টে একটি রিট দায়ের করে পুনঃভর্তি ফি বাতিলের দাবি করেন। রিটের প্রেক্ষিতে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য পুনঃভর্তি ফি গ্রহণ নিষিদ্ধ করে নির্দেশ দিয়েছে।
এনিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের ওপর চলমান আর্থিক বোঝা কমবে বলে আশা করা হচ্ছে।