- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–র বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক জেলেরা হলেন—শাহ আলম (২০), আবুল হোসেন, মো. আব্বাস (৪০), আব্দুল সাহেদ (১৮) এবং মো. ইউনুস (৪০)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার পর তাঁর মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেকে নিয়ে ঘাটে ফিরছিল। রাত হয়ে গেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় তারা ট্রলার নোঙর করে অবস্থান নেন। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে একদল সশস্ত্র ব্যক্তি ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর থেকে জেলেদের পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা দ্রুত তাদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত জানান, তাঁর কাছে তাৎক্ষণিকভাবে এ ধরনের তথ্য নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় এর আগেও জেলেদের আটকের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।