- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার দুপুরে সচিবালয়ে প্রবেশ করেছেন। দুপুর সাড়ে ১২টার কিছু পর সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে দুইটি প্রোটোকল গাড়িসহ তিনি ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। সকালে তিনি ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধ–এও শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল থেকেই সচিবালয়ে ছিল বিশেষ প্রস্তুতি ও ব্যস্ততা। বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। অনেককে ফুলের তোড়া হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্যরা সকাল থেকেই অবস্থান নেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ আগের দিন বিকেলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নামফলক স্থাপন এবং দপ্তরগুলো নতুনভাবে সাজানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে অফিস করবেন। সেখানে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দুপুরে সচিবালয়েই মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। পরে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক বৈঠকের সূচি রয়েছে।
এদিকে, নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করবেন। কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করে চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন তারা। দিনের শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার কথাও রয়েছে মন্ত্রিসভার সদস্যদের।