Wednesday, February 18, 2026

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ভারত–পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ


ফাইল ছবিঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিরা শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় নিজ নিজ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তাঁরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকগুলো আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়।

বৈঠকে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদে বিরোধীদলীয় নেতার সঙ্গে একাধিক দেশের প্রতিনিধিদের এ ধরনের ধারাবাহিক বৈঠক কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন