Thursday, May 7, 2026

সৌদি আরব থেকে ক্রুড অয়েল নিয়ে জাহাজ ভিড়ল কুতুবদিয়ায়, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি


ফাইল ছবিঃ ইস্টার্ন রিফাইনারি পিএলসি। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি নিনেমিয়া’। নতুন এই চালান আসায় কাঁচামালের সংকটে ধুঁকতে থাকা রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও পূর্ণাঙ্গ উৎপাদনে ফেরার প্রস্তুতি নিয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে তেল পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশনস) মামুনুর রশীদ খান জানান, সৌদি আরব থেকে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করেছে। সবকিছু অনুকূলে থাকলে বিকেল ৫টার পর থেকে উৎপাদন শুরু করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কিছু কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হলেও পরে তা ধাপে ধাপে বাড়ানো হবে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, তেল খালাস ও সরবরাহের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার থেকেই রিফাইনারির পাঁচটি ইউনিটে পূর্ণমাত্রায় কার্যক্রম চালু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতির পর হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হয়। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশে অপরিশোধিত তেলের সরবরাহ দীর্ঘ সময় বন্ধ ছিল।

চালান সংকটের কারণে গত দেড় মাস ধরে ইস্টার্ন রিফাইনারি সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে আসছিল। পাইপলাইনে থাকা অবশিষ্ট তেল ব্যবহার করে মাত্র কয়েকটি ইউনিট সচল রাখা হয়েছিল। এতে ১৩ ধরনের জ্বালানি উৎপাদনের পরিবর্তে উৎপাদন নেমে আসে মাত্র দুটি পণ্যে।

নতুন চালান আসায় জ্বালানি উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন