- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিরিজ ‘জ্যাজ সিটি’ আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ–এ স্ট্রিমিং হবে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজনৈতিক থ্রিলারধর্মী এই সিরিজটি হিন্দি ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও প্রকাশ করা হবে। প্ল্যাটফর্মটিতে এটিই প্রথম কোনো বাংলা ভাষার সিরিজ হিসেবে যুক্ত হচ্ছে। নির্মাণের দায়িত্বে রয়েছেন বলিউডের চিত্রনাট্যকার ও পরিচালক সৌমিক সেন।
সিরিজে আরিফিন শুভকে দেখা যাবে ‘জিমি রয়’ চরিত্রে, যাকে ঘিরেই মূল কাহিনি আবর্তিত হয়েছে। প্রচারণায় প্রকাশিত ভিডিওতে তাঁর বিভিন্ন রূপ দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। কখনও মার্জিত পোশাকে, কখনও নাচের দৃশ্যে—তাঁর উপস্থিতিতে ফুটে উঠেছে সত্তরের দশকের আবহ।
চরিত্রটির জন্য চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজিতে সংলাপ বলতে হয়েছে শুভকে। এক বিবৃতিতে তিনি জানান, এই সিরিজে সংগীত গল্প বলার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। সংলাপের পাশাপাশি আবহসংগীত ও নীরবতার ব্যবহারে গল্পের আবেগকে গভীরভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রকাশিত টিজারে ইঙ্গিত পাওয়া গেছে যে, সিরিজটির প্রেক্ষাপট বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ১৯৭০-এর দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। সে সময়ের পরিবর্তন, দ্বন্দ্ব ও মানুষের সংগ্রামের চিত্র এতে তুলে ধরা হয়েছে।
সিরিজে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। আরও রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর ও অমিত সাহাসহ অনেকে।
বিদেশি প্রযোজনায় আরিফিন শুভর অংশগ্রহণকে তাঁর ক্যারিয়ারের নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মুক্তির পর দর্শকপ্রতিক্রিয়া কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।