Wednesday, February 18, 2026

১৭ মাস পর তালা ভেঙে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ


ছবিঃ ছাত্রলীগের নেতা–কর্মীদের স্লোগান। আজ সকালে নোয়াখালীর মাইজদীর টাউন হল মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালী 

প্রায় ১৭ মাস ধরে বন্ধ থাকা নোয়াখালী জেলা আওয়ামী লীগ–এর কার্যালয়ে ভোরে তালা ভেঙে প্রবেশের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ–এর ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

কার্যালয়টি নোয়াখালী শহরের টাউন হল মোড়ে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ভেঙে ভেতরে প্রবেশের পর তারা বিভিন্ন স্লোগান দেন এবং কিছু সময় অবস্থান করেন। পরে একটি ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়। আটক ব্যক্তিদের একটি পুলিশ গাড়িতে রাখা হয়। এ সময় আশপাশের দোকানি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল লক্ষ্য করা যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়’ লেখা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। তাঁদের সঙ্গে একজন বয়স্ক ব্যক্তিকেও দেখা যায়। ব্যানার টাঙানোর পর সবাই দ্রুত সরে যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ভোরে কার্যালয়ের তালা ভাঙার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনার জেরে কার্যালয়টিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভবনটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল।

ঘটনাটি নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন