- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আদালতে দণ্ডিত পলাতক আসামি সাইফুল ইসলাম আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের একটি নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। নবীনগর থানা পুলিশের নেতৃত্বে জেলা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পরও তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে খুঁজছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রভাবশালী এই যুবলীগ নেতার গ্রেফতারের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।