Wednesday, February 18, 2026

সৈয়দপুরে যাত্রীবাহী বাসে অভিযান, ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


ছবিঃ ৬ হাজার পিস ইয়াবাসহ আটক মোশারফ হোসেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সৈয়দপুর

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে বাসের এক যাত্রী মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯)-এর দেহ তল্লাশি এবং তার বহন করা একটি ব্যাগ থেকে ৩০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক মোশারফ হোসেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোস্তফা কামাল।

নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন