Wednesday, February 18, 2026

টেকনাফের সমুদ্রসৈকত থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার


ছবিঃ টেকনাফের সমুদ্রসৈকত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ও মিটাপানিরছড়া সমুদ্রসৈকতের নৌঘাট এলাকা থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকতে লাশ দুটি দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় জেলে জালাল আহমদ প্রথম আলোকে জানান, তিনি সকালে সৈকতে নেমে দেখতে পান কয়েকজন লোক বালুচরে পড়ে থাকা লাশের চারপাশে দাঁড়িয়ে রয়েছেন। লাশ দুটি জোয়ারের পানিতে ভেসে আসার মতো মনে হয়নি। তিনি ধারণা করেন, অন্য কোনো স্থানে নিহতদের হত্যা করা হয়ে পরে সমুদ্রসৈকতে ফেলে দেওয়া হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২টার মধ্যে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) অলক বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তে নিহতদের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। মানবপাচার বা মুক্তিপণ আদায়ের বিষয় জড়িত হতে পারে, তবে লাশের শরীরে কোনও জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ ও স্থানীয়রা সতর্ক করে বলেছেন, এ ঘটনায় সন্দেহভাজন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন