- ২৮ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে ত্রুটির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড জড়িত ছিল কি না এবং সাউন্ড সিস্টেমের ত্রুটি কীভাবে সমাধান করা যায় এসব বিষয়েও সুপারিশ দিতে বলা হয়েছে।
শনিবার সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই শব্দযন্ত্রে সমস্যার কারণে কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়। পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন সংসদ সদস্য।
চিফ হুইপ জানান, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত কমিটি মূলত দুটি বিষয় খতিয়ে দেখবে প্রথমত, ঘটনাটি কোনো ধরনের নাশকতা ছিল কি না; দ্বিতীয়ত, বিদ্যমান সাউন্ড সিস্টেমের ত্রুটি নির্ণয় করে তা সমাধানের উপায় বের করা। এ ছাড়া প্রযুক্তিগত দিক পর্যালোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞ আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়েও অভিযোগ রয়েছে এবং তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। জানানো হয়েছে, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের জন্য নির্ধারিত বাসভবনের পাশাপাশি অন্য সদস্যদের জন্যও আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।