Friday, February 20, 2026

সংসদে সক্রিয় ভূমিকার প্রস্তুতি নিয়ে জামায়াতের এমপিদের দুই দিনের ওরিয়েন্টেশন কর্মশালা


ফাইল ছবিঃ জামায়াতের সংসদ সদস্যরা গত মঙ্গলবার দুপুরে শপথ নেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শপথ গ্রহণ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হওয়ার পর জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে দলীয় সংসদ সদস্যদের নিয়ে দুই দিনের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন নির্বাচিত সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে বুধবার সকালে কর্মশালাটি শুরু হয়ে বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। পাঁচটি পৃথক সেশনে বিভক্ত এ আয়োজনের নাম দেওয়া হয় ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’।

দলীয় নেতারা জানান, এবারের নির্বাচনে জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। তাঁদের সংসদীয় বিধি-বিধান, বিল ও বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রম এবং বিরোধী দলের কৌশলগত ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সাবেক আমলা, একাডেমিশিয়ান, নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং সাবেক সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে উপস্থাপনা দেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নতুন সংসদ সদস্যরা তাঁদের জিজ্ঞাসার উত্তর নেন। সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও দলীয় ভূমিকা, বিল-আইন পর্যালোচনায় বিরোধী দলের অবস্থান এবং সম্ভাব্য দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সংসদে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য ভূমিকা রাখার লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি জানান, ভবিষ্যতে বাজেট অধিবেশনসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সামনে রেখে আরও কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সংসদ সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি আরও বৃদ্ধি পায়।

কর্মশালায় অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য জানান, নতুন হিসেবে সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে এ আয়োজন তাঁদের জন্য সহায়ক হয়েছে। তাঁদের মতে, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনে এমন প্রস্তুতিমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই সদস্যদের প্রস্তুত করতে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন