- ২০ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুয়াকাটা
কুয়াকাটায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে মো. মাকছুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে একটি দোকানে হামলা ও উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
পুলিশ জানায়, দোকানঘরের জমির মালিকানা দাবি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনির থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হামলা, ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও চুরির অভিযোগ আনা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা। জেলা সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগের বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই মূলত ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।