- ২০ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। যশোর
যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল-আমিন (৩৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আল-আমিন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিতেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাতের নামাজ আদায় শেষে আল-আমিন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি জেনেছেন এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।