Friday, February 20, 2026

সাদুল্লাপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গণপিটুনিতে নিহত


প্রতীকী ছবিঃ গনপিটুনি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমুজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরের দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি গ্রামের একটি সড়কের পাশে জড়ো হন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আশপাশের বাসিন্দারা সতর্ক হন। একপর্যায়ে গ্রামবাসী দুইজনকে আটক করে। পরে উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুরো ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন