- ০৮ জুলাই, ২০২৬
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আয়োজন দেশের জাতীয় মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ প্রতিক্রিয়া জানান। সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সই করা বিবৃতিতে এ বক্তব্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতীক হওয়ায় এর মর্যাদা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের দায়িত্ব। হেফাজতের ভাষ্য অনুযায়ী, ওই স্থানে বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সংগীতানুষ্ঠান আয়োজন অনাকাঙ্ক্ষিত এবং এটি জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
সংগঠনটির মহাসচিব আরও দাবি করেন, বাংলাদেশের জাতীয় পরিচয়, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা উচিত নয়।
বিবৃতিতে জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের আয়োজনের অনুমোদন ও তদারকির সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানের মর্যাদা রক্ষায় সরকারকে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
হেফাজতে ইসলাম সতর্ক করে বলেছে, জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বলে তারা মনে করে—এমন কোনো উদ্যোগ পুনরাবৃত্তি হলে বিষয়টি নিয়ে আরও কঠোর কর্মসূচি বিবেচনা করা হতে পারে।