Wednesday, July 8, 2026

মাদকের পক্ষে তদবির করলেও গ্রেপ্তার, বিএনপিতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা খোকনের


ফাইল ছবিঃ বক্তব্য রাখছেন খায়রুল কবির খোকন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের সঙ্গে জড়িতদের পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে এবং দলীয় পরিচয় কোনোভাবেই ছাড় পাওয়ার সুযোগ তৈরি করবে না।

বুধবার (৮ জুলাই) নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে মাদকের বিস্তার রোধ করা সবার নৈতিক দায়িত্ব। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে সাধারণের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। এর ভয়াবহ প্রভাবে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করে মাদকবিরোধী গণসচেতনতা ও আইন প্রয়োগ—দুই ক্ষেত্রেই জোরালো উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুনসহ জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিক দল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সমাবেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং অপরাধ দমনে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন