- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় নির্ধারিত হারে ‘হেয়ারকাট’ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আমানতের মুনাফা নির্দিষ্ট ৪ শতাংশ হারে কমিয়ে না দিয়ে সংশ্লিষ্ট সময়ে ব্যাংটির কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত ও অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা সরাসরি ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময় ব্যাংকের কার্যকর মুনাফার হার কত ছিল, তা বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব নতুন করে নির্ধারণ করতে হবে।
এ ছাড়া ২০২৫ সালের ২৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের আমানতের ক্ষেত্রেও পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকটির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের ক্ষেত্রে বাস্তব জটিলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।
এর আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা নির্দিষ্ট ৪ শতাংশ হারে সীমিত করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। নতুন নির্দেশনার ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের প্রকৃত কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হলো।
এদিকে দীর্ঘ অপেক্ষার পর গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানতের অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। অর্থ উত্তোলন শুরুর পর প্রথম তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংকটি থেকে মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলে নিয়েছেন।
গ্রাহকদের আমানত উত্তোলনের সুযোগ দেওয়ার পাশাপাশি মুনাফা পুনর্নির্ধারণের নতুন নির্দেশনা ব্যাংকটির প্রতি আমানতকারীদের আস্থা ফেরাতে কতটা ভূমিকা রাখে, এখন সেটিই দেখার বিষয়।