Thursday, October 8, 2026

সিলেটের বিশ্বনাথে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি, পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা


ছবিঃ বিশ্বনাথে ১৪৪ ধারা জারি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিলেট

সিলেটের বিশ্বনাথে জমি কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি সভা-সমাবেশের আয়োজন ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্বনাথ পৌর শহরের নির্দিষ্ট এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম এ আদেশ জারি করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে আদেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডে অবস্থিত ডাকবাংলো ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মিটিং ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাঠি, অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচজন বা তার বেশি মানুষের যেকোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পাঠানো প্রতিবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশের বিষয়ে মানুষকে সতর্ক করতে বুধবার রাতে পৌর শহরে মাইকিংও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জমি কেনাবেচাকে কেন্দ্র করে লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় জমির বিক্রেতা স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়ার পক্ষ এবং জমির ক্রেতা ইসবপুর গ্রামের হাজি সফির মিয়ার (৬৫) পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে।

এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিশ্বনাথ পৌর শহরের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করে দুই পক্ষ। চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সমর্থনে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের ব্যানারে মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হয়। অন্যদিকে সফির মিয়ার পক্ষ থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এ পরিস্থিতিতে সংঘাতের আশঙ্কা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এদিকে দলীয় পরিচয় ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতারা। বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন