- ২৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
শিক্ষিত তরুণদের শুধু সনদনির্ভর না থেকে দক্ষ জনশক্তিতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন অঞ্চলে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজে আয়োজিত ‘শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই চলবে না। পরিবর্তিত কর্মবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আমিনুল হক বলেন, দেশের শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। পর্যায়ক্রমে অধিকসংখ্যক তরুণকে এসব উদ্যোগের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু গোষ্ঠী বিভিন্ন সময় শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। এসব অপচেষ্টা প্রতিরোধে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সরকারের সম্পদ নয়, এটি সংশ্লিষ্ট এলাকার মানুষেরও প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ইছাহাক (শিপন), বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।