Saturday, March 14, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিতদের কোনো স্থান নেই: শিক্ষামন্ত্রী


ছবিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কথা বলছেন শিক্ষামন্ত্রী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই নেই। ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে, তাদের নিয়েই কমিটি গঠন করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, “অর্ধশিক্ষিত লোক দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে, তা সম্পূর্ণভাবে ভুল এবং বিকৃত।”

মন্ত্রী আরও জানান, কচুয়া উপজেলাকে শিক্ষার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। “প্রথমে নিজের এলাকায় শিক্ষা মান উন্নয়ন করতে হবে, তারপর সারাদেশে তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। সরকার ধাপে ধাপে শিক্ষার মান উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করছে।”

শিক্ষামন্ত্রী বলেন, পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে না। নতুন এবং যুগোপযোগী, বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদেরও অনুরোধ করেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্য ও পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরুন, কোনো বক্তব্য খন্ডিতভাবে প্রচার না করা হোক।

তিনি আরও জানান, আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ন্ত্রিত নিয়মে পরিচালনা করা হবে, যাতে শিক্ষার মান ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন