Wednesday, February 25, 2026

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল


প্রতীকী ছবিঃ নির্বাচন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। শেরপুর

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়–এর জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলেও শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনটি শূন্য হয় সংশ্লিষ্ট আসনের নির্বাচিত সদস্য পদত্যাগ করায়। ফলে দুটি আসনেই নতুন করে ভোট আয়োজন করা হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৫ মার্চ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চের মধ্যে এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ। ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই বলে কমিশন মনে করছে। ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যবধান বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই আসনেই সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন