Sunday, April 19, 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত, জানাল দিল্লি


ছবিঃ নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরের সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করেছেন কি না এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ভারতের অবস্থান কী।

জবাবে মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, ভারতের মূল লক্ষ্য হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা। সাম্প্রতিক সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত প্রতিবেশী দেশগুলোর অনুরোধ অনুযায়ী এবং নিজস্ব মজুত ও চাহিদা বিবেচনা করে জ্বালানি সরবরাহ করে আসছে। গত মার্চে বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন