- ১৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিকেল থেকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রক্রিয়া শুরু হয়।
দলের মনোনয়ন বোর্ডের সভাপতি তারেক রহমান, মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। প্রথম দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের চার শতাধিক আগ্রহীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকার দিতে আসা একাধিক প্রার্থী জানান, সময় স্বল্পতার কারণে প্রত্যেককে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। তবে দলের শীর্ষ নেতারা সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক অভিজ্ঞতাও মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।
শনিবার দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।
এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, অন্য জোটগুলো বাকি আসন ভাগ করে নেবে। এখন প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার দিকে এগোচ্ছে দলটি।