Thursday, February 19, 2026

সবার আগে বাংলাদেশ’ কনসার্টে সুরের জোয়ার


ছবিঃ দীর্ঘদিন পর মঞ্চে ‘বাংলাদেশ’ গানটি গাইলেন জেমস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ বিরতির পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আবারও রূপ নিল বিশাল এক উন্মুক্ত কনসার্ট ভেন্যুতে। নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজন করা হয় বিশেষ সংগীতানুষ্ঠান ‘সবার আগে বাংলাদেশ’। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে তারকাবহুল এ আয়োজন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের ঢল নামে অনুষ্ঠানস্থলে। আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউল। পাশাপাশি মঞ্চ মাতান শিরোনামহীন, ওয়ারফেজ, দিলশাদ নাহার কনা এবং জেফার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফসান সাবাব।

সন্ধ্যার পর মঞ্চে উঠে শিরোনামহীন শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসায়। জনপ্রিয় গানগুলোর কোরাসে হাজারো কণ্ঠ একসঙ্গে গেয়ে ওঠে। মোবাইলের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো প্রান্তর। এরপর জেফার রহমানের পরিবেশনায় তরুণ দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। প্রাণবন্ত উপস্থাপনা আর স্টেজ পারফরম্যান্সে জমে ওঠে উৎসবের আবহ।

পরে মঞ্চে আসে ওয়ারফেজ। ভারী গিটার রিফ আর শক্তিশালী ড্রাম বিটে বদলে যায় পরিবেশের আবহ। দর্শকদের অংশগ্রহণে প্রতিটি গান পরিণত হয় সমবেত গানে।

রাত ১১টার দিকে মঞ্চে ওঠেন জেমস। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে মাতিয়ে রাখেন শ্রোতাদের। গান চলাকালে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান তিনি। মাঝেমধ্যে অসুস্থতার আভাস পাওয়া গেলেও থেমে থাকেননি। গরম পানিতে আদা পান করতে এবং কাশির জন্য সামান্য বিরতি নিতে দেখা যায় তাঁকে।

রাত প্রায় পৌনে বারোটার দিকে হঠাৎই ভেসে ওঠে ‘বাংলাদেশ’ গানের সুর। দীর্ঘদিন পর মঞ্চে গানটি পরিবেশন করায় দর্শকদের মধ্যে বিশেষ আবেগের সঞ্চার হয়। গানটির কথা ও সুরকার প্রিন্স মাহমুদ। মুহূর্তেই দর্শকসারি হয়ে ওঠে একাত্ম কণ্ঠের সমাবেশ।

রাত ঠিক বারোটায় শেষ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় কনসার্ট। খোলা আকাশের নিচে হাজারো মানুষের সমবেত কণ্ঠে গাওয়া গান যেন শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং দীর্ঘ বিরতির পর ফিরে পাওয়া এক সম্মিলিত আনন্দের প্রকাশ হয়ে উঠেছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন