- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নতুন সরকারে শিক্ষা প্রশাসনের দুই মন্ত্রণালয়—শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়—এর দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম কর্মদিবসে দুজনকে একসঙ্গে সচিবালয়ে নিজ নিজ দপ্তরে দেখা যায়। পরে তারা যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। তিনি জানান, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও ইংরেজি ভাষাজ্ঞান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মতো আধুনিক বিষয় শিক্ষায় অন্তর্ভুক্তির পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ স্থাপনই হবে অন্যতম প্রধান লক্ষ্য। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষে বাস্তব কর্মক্ষেত্রে দ্রুত প্রবেশ করতে পারে, সে অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করা হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে তারা অঙ্গীকারবদ্ধ। সব বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করলেও পর্যায়ক্রমে প্রতিটি ইস্যুতে স্পষ্ট অবস্থান জানানো হবে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে ধারাবাহিক সংলাপের মাধ্যমে অগ্রসর হওয়া হবে। গণমাধ্যমের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের আশ্বাস দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কাজের মূল্যায়নে তারা জবাবদিহিতার মুখোমুখি হতে প্রস্তুত। অতীতের ভুলত্রুটি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্বের প্রথম দিনেই শিক্ষা খাতে সংস্কারের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের দিকে এখন নজর সংশ্লিষ্ট মহলের।