- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জগন্নাথ বিশ্ববিদ্যালয়–এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। প্রথম ধাপে পাঁচটি ইউনিট—‘এ, বি, সি, ডি ও ই’—এ বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করতে হবে। এরপর ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন কার্যক্রম সম্পন্ন করার পর ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে (সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র যাচাই শেষে শিক্ষার্থীদের একটি জমাদান স্লিপ দেওয়া হবে, যা ভর্তির চূড়ান্ত নিশ্চিতকরণ হিসেবে বিবেচিত হবে।
এবার বিভাগ ও অনুষদভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৬৩০ টাকা থেকে ১২ হাজার ৩৬০ টাকার মধ্যে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে, যাতে ভর্তি সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি না হয়।