- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভারতকে প্রয়োগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যে নতুন অংশীদারিত্বে যাচ্ছে ওপেনএআই ও পাইন ল্যাবস। এই চুক্তির আওতায় পাইন ল্যাবস তাদের পেমেন্ট ও কমার্স অবকাঠামোয় ওপেনএআইয়ের এপিআই সংযুক্ত করবে, যাতে সেটেলমেন্ট, রিকনসিলিয়েশন ও ইনভয়েসিং প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয় ও দ্রুত করা যায়।
দুই প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, এআই-চালিত রিজনিং সিস্টেম ব্যবহার করে আর্থিক লেনদেনের জটিল ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষ করে ব্যবসা-থেকে-ব্যবসা (B2B) খাতে ইনভয়েস প্রক্রিয়াকরণ ও পেমেন্ট অর্কেস্ট্রেশন দ্রুততর করার দিকে জোর দেওয়া হচ্ছে।
পাইন ল্যাবসের প্রধান নির্বাহী বি অমরিশ রাউ জানান, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে এআই ব্যবহার করে দৈনিক সেটেলমেন্ট প্রক্রিয়ার সময় ঘণ্টা থেকে মিনিটে নামিয়ে এনেছে। আগে যেখানে একাধিক ব্যাংকের লেনদেন যাচাইয়ে অনেক কর্মীর হাতে-কলমে কাজ লাগত, এখন তার বড় অংশই স্বয়ংক্রিয় ব্যবস্থায় সম্পন্ন হচ্ছে। নতুন অংশীদারিত্বের মাধ্যমে এই সুবিধা মার্চেন্ট ও করপোরেট গ্রাহকদের কাছেও পৌঁছে দিতে চায় তারা।
রাউ বলেন, খুচরা লেনদেনের চেয়ে করপোরেট খাতে এআই গ্রহণের গতি বেশি হবে, কারণ নির্ধারিত নিয়মের মধ্যে বৃহৎ পরিসরের আর্থিক কাজ পরিচালনায় এআই এজেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে ভারতে নিয়ন্ত্রক কাঠামোর কারণে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এজেন্ট-নির্ভর পেমেন্টে সময় লাগতে পারে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু বাজারে ইতোমধ্যে এ ধরনের মডেল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ওপেনএআই ভারতের পেমেন্ট ও এন্টারপ্রাইজ খাতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে চাইছে। এর আগে প্রতিষ্ঠানটি ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ শুরু করেছে, যাতে এআই টুলস শিক্ষাক্ষেত্রে বিস্তৃতভাবে ব্যবহার করা যায়।
পাইন ল্যাবসের তথ্য অনুযায়ী, তারা ৯ লাখ ৮০ হাজারের বেশি মার্চেন্ট, ৭১৬টি ভোক্তা ব্র্যান্ড ও ১৭৭টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে এবং বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে।
দুই প্রতিষ্ঠান জানিয়েছে, এ অংশীদারিত্ব রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে নয় এবং এটি অ-একচেটিয়া। পাশাপাশি, এআই-নির্ভর ওয়ার্কফ্লো ব্যবহারের ক্ষেত্রে ডেটা সুরক্ষা ও নিয়ন্ত্রক সম্মতির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
নতুন এই ঘোষণা এসেছে দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটের প্রেক্ষাপটে, যেখানে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও ভারতীয় স্টার্টআপগুলো বৃহৎ পরিসরে এআই প্রয়োগের বিভিন্ন উদাহরণ তুলে ধরছে।