Thursday, February 19, 2026

ব্লুস্কাই অ্যাপে প্রথমবারের জন্য এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজিং চালু


প্রতীকী ছবিঃ বুলুএসকাই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ডিসেন্ট্রালাইজড সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম Bluesky তাদের অ্যাপে প্রথমবারের মতো নেটিভ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড (E2E) ডাইরেক্ট মেসেজিং সুবিধা যুক্ত করেছে। এ জন্য তারা ক্যালিফোর্নিয়া-ভিত্তিক স্টার্টআপ Germ Network–এর প্রযুক্তি সংযুক্ত করেছে। এর ফলে ব্লুস্কাই অ্যাপের ভেতর থেকেই নিরাপদ ও ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের সুযোগ তৈরি হলো।

প্রতিষ্ঠান দু’টির ভাষ্য অনুযায়ী, এই সমন্বয়ের মাধ্যমে “Germ DM” হলো প্রথম প্রাইভেট মেসেঞ্জার, যা সরাসরি ব্লুস্কাই অ্যাপের মধ্যে চালু করা যায়। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ যুক্ত করতে পারবেন, যেখানে ক্লিক করলেই এনক্রিপ্টেড পরিবেশে বার্তা পাঠানো সম্ভব হবে।

এই উদ্যোগকে উন্মুক্ত সামাজিক নেটওয়ার্কিং ব্যবস্থার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এখানে নতুন ফিচার কেবল প্ল্যাটফর্ম মালিক নয়, বরং বহিরাগত ডেভেলপার ও কমিউনিটিও তৈরি ও যুক্ত করতে পারে। ব্লুস্কাই পরিচালিত হয় AT প্রোটোকলের মাধ্যমে, যা বিভিন্ন অ্যাপকে একই অবকাঠামোর ওপর কাজ করার সুযোগ দেয়।

জার্ম নেটওয়ার্ক জানিয়েছে, তারা এমন নির্দেশনাও প্রকাশ করেছে যাতে AT প্রোটোকলভিত্তিক অন্যান্য অ্যাপও একইভাবে এনক্রিপ্টেড মেসেজিং সুবিধা সংযুক্ত করতে পারে।

নতুন ব্যবস্থায় কোনো ফোন নম্বরের প্রয়োজন নেই। ব্যবহারকারী যখন ব্লুস্কাইয়ে কারও প্রোফাইলের ব্যাজে ক্লিক করবেন, তখন একটি হালকা iOS অ্যাপ ক্লিপ চালু হবে। সেখানে নিজের AT প্রোটোকল হ্যান্ডেল দিয়ে লগইন করলেই সঙ্গে সঙ্গে বার্তা পাঠানো যাবে। চাইলে পূর্ণাঙ্গ Germ DM অ্যাপ ডাউনলোড করা যাবে, তবে সেটি বাধ্যতামূলক নয়।

জার্মের দাবি, তাদের ব্যবহৃত এনক্রিপশন প্রযুক্তির কারণে বার্তাগুলো অন্য কোনো সেবা—এমনকি জার্ম বা ব্লুস্কাই নিজেও—ডিক্রিপ্ট করতে পারবে না।

জার্ম নেটওয়ার্ক মেসেজিং লেয়ার সিকিউরিটি (MLS) নামে একটি নতুন মান ব্যবহার করছে, যা ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স (IETF) অনুমোদিত। পাশাপাশি ব্লুস্কাইয়ের AT প্রোটোকলের সঙ্গেও এটি সমন্বিত। ফলে এনক্রিপ্টেড যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আরও আধুনিক অবকাঠামো গড়ে উঠছে।

স্টার্টআপটি প্রতিষ্ঠা করেছেন যোগাযোগবিষয়ক গবেষক টেসা ব্রাউন এবং গোপনীয়তা প্রকৌশলী মার্ক জু। তারা আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তাদের লক্ষ্য ছিল প্রচলিত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মগুলোর বিকল্প হিসেবে আরও উন্মুক্ত ও আধুনিক সমাধান তৈরি করা।

জার্মের স্বতন্ত্র iOS অ্যাপ বর্তমানে উত্তর আমেরিকা ও ইউরোপে পাবলিক বেটা পর্যায়ে রয়েছে। ব্লুস্কাইয়ের সঙ্গে আনুষ্ঠানিক সমন্বয়ের ঘোষণার পর তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা পাঁচ গুণ বেড়েছে বলে কোম্পানি জানিয়েছে।

এদিকে ব্লুস্কাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিজস্বভাবে পূর্ণাঙ্গ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা তৈরি করা জটিল ও সময়সাপেক্ষ। তাই তৃতীয় পক্ষের বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সমাধানকে যুক্ত করাই আপাতত বেশি কার্যকর।

ভবিষ্যতে জার্ম সাধারণ ব্যবহারকারীদের জন্য দৈনন্দিন মেসেজিং ফিচার উন্নত করার দিকে মনোযোগ দেবে। প্রাথমিকভাবে তারা আয়কেন্দ্রিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে পরবর্তীতে কনটেন্ট নির্মাতা, সাংবাদিক ও নীতিনির্ধারকদের মতো পেশাদার ব্যবহারকারীদের জন্য কিছু প্রিমিয়াম সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ প্রমাণ করে যে উন্মুক্ত ও বিকেন্দ্রীকৃত সামাজিক প্ল্যাটফর্মগুলো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রচলিত মডেলের বাইরে গিয়ে নতুন নিরাপত্তা ও উদ্ভাবনের দিগন্ত খুলে দিতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন