- ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পবিত্র রমজানকে সামনে রেখে দেশের সরকারি ও বেসরকারি কলেজ এবং মাদ্রাসাগুলোতে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। ফলে প্রায় দেড় মাস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজ পর্যায়ে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের এক দিনের সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে ২৯ মার্চ, রোববার থেকে ক্লাস শুরুর সময় নির্ধারিত হয়েছে।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ এবং ভোকেশনাল কলেজগুলোতে রমজানের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে পাঠদানও পুনরায় শুরু হবে ২৯ মার্চ।
এছাড়া বছরের অন্যান্য বড় ছুটিগুলোর সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা মিলিয়ে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত আরও ১০ দিন বন্ধ থাকবে কলেজগুলো। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
রমজান ও ঈদকে ঘিরে দীর্ঘ এই ছুটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ও প্রস্তুতির সুযোগ তৈরি করলেও, শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে নির্ধারিত সময়েই ক্লাস শুরু করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।